তামিম বিসিবির দায়িত্ব নেওয়ার পর পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। একের পর এক মেগা প্রকল্প ও বাস্তবধর্মী পরিকল্পনায় বদলে যেতে শুরু করেছে টাইগার ক্রিকেটের চিত্র। তারই ধারাবাহিকতায় এবার তামিম রবির সাথে যৌথ উদ্যোগে শুরু করলেন বোলার হান্ট ২০২৬। যেখানে দেশসেরা কোচদের অধীনে নির্বাচন করা হবে ভবিষ্যৎ বাংলাদেশ দলের তারকা পেসার ও স্পিনারকে।

দীর্ঘ প্রায় ৬-৭ বছর পর আবারও মিরপুরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই হান্টের উদ্বোধন করেন বিসিবি প্রধান তামিম ইকবাল খান। যেখানে তামিম সহ উপস্থিত ছিলেন দেশের তারকা ক্রিকেটার এবাদত, তাসকিন ও তাইজুলরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা তুলে ধরেন তাদের গুরুত্বপূর্ণ মতামত ও বোলার হান্টের মাধ্যমে দেশের ক্রিকেটে নতুন গতিময় বোলার খুঁজে পাওয়ার প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত তারকা পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা নিজেদের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে বলেন এমন একটি প্ল্যাটফর্ম দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাদের আলোর মুখ দেখাবে। আধুনিক ক্রিকেটে গতির পাশাপাশি লাইন ও লেংথের গুরুত্ব তুলে ধরেন তাসকিন ও এবাদতরা । সেই সাথে নতুন বোলারদের কঠোর পরিশ্রম করার আহ্বানও জানান তারা । একই সাথে স্পিন বোলিংয়ের প্রতিনিধি হিসেবে তাইজুল ইসলাম জানান নিজের সবোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে।

এবারের বোলার হান্টটি সারা দেশের বেশ কয়েকটি বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রাথমিক ট্রায়াল অনুষ্ঠিত হবে, যেখান থেকে নিখুঁত পদ্ধতিতে বোলারদের গতি, সুইং এবং শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। ১৬-২৫ বছর বয়সী নির্বাচিত সেরা বোলারদের নিয়ে পরবর্তীতে একটি দীর্ঘমেয়াদি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পে দেশি ও বিদেশি অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে তরুণ বোলারদের বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়ে তোলার সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

বিসিবি ও রবির এই যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটের এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন পাইপলাইনে মানসম্পন্ন বোলারের অভাব নিয়ে যে উদ্বেগ ছিল, এই মেগা প্রকল্পের মাধ্যমে তার স্থায়ী সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিসিবি প্রধান তামিম ইকবাল খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনাগুলোর সুফল খুব দ্রুতই জাতীয় দলে দেখা যাবে।