হাসানের মাহমুদের পর এবার বিশ্ব ক্রিকেটে দাপট খালেদ আহমেদের। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাত্র ৪২ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং জাদুতে কুপোকাত প্রতিপক্ষ দলের ব্যাটাররা। সেন্ট লরেন্স গ্রাউন্ডের বাতাসকে ব্যবহার করে খালেদ তার বোলিংয়ের সুইং আর ইন সুইংকে কাজে লাগিয়ে তুলে নেন কেন্টের হয়ে তার প্রথম ফাইফার।
বিশ্ব ক্রিকেটের মঞ্চে এখন বাংলাদেশি পেসারদের দাপট ক্রমেই বাড়ছে। জাতীয় দলের জার্সিতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের পর এবার দেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছেন টাইগার পেসাররা। কিছুদিন আগে কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন হাসান মাহমুদ। এবার তার পথ ধরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফাইফার তুলে নিয়ে আলোচনায় বাংলাদেশ দলের আরেক পেসার খালেদ আহমেদ।
সেন্ট লরেন্স গ্রাউন্ডের কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছেন খালেদ। ইংল্যান্ডের পরিচিত সুইং সহায়ক পরিবেশে নিজের বোলিংয়ের বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। কখনো আউটসুইং, আবার কখনো ইনসুইংয়ে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন। সঠিক জায়গায় বল রেখে পেসের সঙ্গে সুইংয়ের মিশেলে একের পর এক উইকেট তুলে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ করেন নিজের ফাইফার। কিটন জেনিংসের উইকেট তুলে নেওয়ার মধ্যে দিয়ে ৫ উইকেটের যাত্রা শুরু করেন খালেদ। এরপর একে এক রকি , মিচেল ও জেমস এন্ডার সনের উইকেট তুলে নিয়ে নিজের ফাইফার পূরণ করেন তিনি।
কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে এটি খালেদের প্রথম পাঁচ উইকেটের কীর্তি। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে এমন পারফরম্যান্স শুধু তার আত্মবিশ্বাসই বাড়াবে না, বাংলাদেশ দলের জন্যও হতে পারে ইতিবাচক বার্তা। কারণ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পেস আক্রমণে নতুন মুখ ও বিকল্প তৈরি করার চেষ্টা চলছে। বিদেশের মাটিতে নিয়মিত ক্রিকেট খেলার অভিজ্ঞতা সেই পথকে আরও সমৃদ্ধ করতে পারে। সেই সাথে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার এই ফাইফার বাংলাদেশের লড়াই করার মন মানসিকতায় বড় ভূমিকা রাখবে।
হাসান মাহমুদের পর এবার খালেদ আহমেদের এমন পারফরম্যান্স প্রমাণ করছে, বাংলাদেশের পেস বোলিংয়ের ভাণ্ডারে রয়েছে একাধিক সম্ভাবনাময় নাম। তাসকিন, মোস্তাফিজ ও শরিফুলদের বাইরে হাসান, খালেদ কিংবা এবাদত হোসেনদের মতো পেসাররাও নিজেদের প্রস্তুত করছেন বড় মঞ্চের জন্য। কাউন্টির মাটিতে খালেদের এই ফাইফার তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশি পেস বোলিংয়ের জন্যও হতে পারে নতুন আশার বার্তা।