এক প্রান্তে তামিমের ব্যাটে ছক্কার ঝড়, অন্য প্রান্তে লিটনের নিখুঁত টাইমিং - মিরপুরে যেন ম্যাচেরই আবহ। তবে এটি কোনো ম্যাচ নয়, আসন্ন এসিয়ান গেমসের স্বর্ণ পদকের মিশনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। আর অনুশীলনে তৈরি হয়েছে নয়া ওপেনিং জুটির রসায়ন - তানজিদ তামিম ও লিটন দাস।

শুধু নেটে বল দেখে ব্যাট চালানো নয়, অনুশীলনেও এবার তৈরি করা হয়েছিল ম্যাচের আবহ। ফিল্ডারদের নির্দিষ্ট জায়গায় সাজিয়ে, বোলারদের সামনে রেখে ব্যাটিং - লক্ষ্য একটাই, চাপের মুহূর্তে চার-ছক্কার পথটা আরও মসৃণ করা। আর সেই পরীক্ষায় তামিম যেন ছিলেন পুরোনো ছন্দেই। চোখধাঁধানো টাইমিং, দৃষ্টিনন্দন শট আর গ্যালারি ছোঁয়া ছক্কায় বুঝিয়ে দিলেন - ব্যাটে এখনও আগুনটা নিভে যায়নি।

তবে অন্য প্রান্তেও কম যাননি লিটন। রিভার্স সুইপ করে বাউন্ডারি, কাভারের ওপর দিয়ে দারুণ শট কিংবা টাইমিংয়ে ফাঁকা জায়গা খুঁজে নেওয়া - ব্যাট হাতে নিজের স্বাভাবিক আগ্রাসনই দেখালেন এই উইকেটকিপার ব্যাটার।

দুজনের এই ব্যাটিং শুধু শটের প্রদর্শনী ছিল না, ছিল নিজেদের মধ্যে বোঝাপড়ারও পরীক্ষা। একজন আক্রমণের দরজা খুলবেন, অন্যজন সেই স্রোতকে এগিয়ে নেবেন - ওপেনিং জুটিতে এমনই এক ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা।