২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হলেও ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে। নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ শাখায় উপস্থিত থাকবেন, ততক্ষণ নিরাপদে টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।