পানির অপর নাম জীবন কথাটা আমরা সবাই জানি। কিন্তু সেই পানিই কখনো কখনো হয়ে ওঠে অসহায়ত্বের কারণ। কোথাও অতিরিক্ত পানির স্রোতে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি আর স্বাভাবিক জীবন ভেসে যায় আবার পৃথিবীর অন্য প্রান্তে এক ফোঁটা পানির জন্যই শুরু হয় হাহাকার। পানি যখন অতিরিক্ত, তখন বিপদ আর পানি যখন নেই, তখনও বিপদ। যেন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এই উপাদানটিই কখনো আশীর্বাদ,আবার কখনো কঠিন পরীক্ষা।পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি পানি থেকে প্রত্যেক প্রাণবান জিনিস সৃষ্টি করেছি। সূরা আল-আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াত। অর্থাৎ পানি শুধু তৃষ্ণা মেটানোর উপাদান নয়, এটি জীবনেরই অন্যতম ভিত্তি। অথচ সেই পানির অভাবেই আজ ইন্দোনেশিয়ার একটি নদী প্রায় নিঃশেষ, মাছগুলো পানির অভাবে মারা যাচ্ছে, কৃষিজমি পড়ছে সংকটে, আর মানুষ এক ফোটা খাবার পানির জন্য ব্যাকুল হয়ে আছে ।
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পাতি অঞ্চলের সিলুগোঙ্গো বা জুয়ানা নদীর দিকে তাকালে সেই বাস্তবতাই আরও স্পষ্ট হয়ে ওঠে। যে নদী বছরের পর বছর মানুষের জীবন ও কৃষির ভরসা ছিল, তীব্র খরায় সেই নদীর বুকই এখন শুকিয়ে ফাটল ধরেছে । যেখানে থাকার কথা ছিল স্রোত, সেখানে এখন পড়ে আছে অসংখ্য মাছ। পানির অভাবে সাকারমাউথ ক্যাটফিশসহ বিপুলসংখ্যক মাছ টিকে থাকতে পারছে না। যেখানে মাছ গুলো একটু পানির জন্য ছটফট করে মারা যাচ্ছে ।
কিন্তু সংকট শুধু নদী কিংবা মাছের মধ্যেই আটকে নেই। নদীর পানি কমে যাওয়ায় চাপ তৈরি হয়েছে কৃষিকাজেও। যে জমিগুলো পানির ওপর নির্ভর করে ফসল ফলাত, সেখানেও অনিশ্চয়তা বাড়ছে। একই সঙ্গে স্থানীয় মানুষের খাবার পানির সংকটও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। অর্থাৎ পানি নেই মানেই শুধু একটি নদী শুকিয়ে যাওয়া নয় এর সঙ্গে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে মানুষের জীবিকা, খাদ্যের নিশ্চয়তা আর স্বাভাবিক জীবনযাত্রাও।
অথচ পৃথিবীর অন্য প্রান্তে আবার সেই পানিরই অতিরিক্ত প্রবাহ মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হতে বাধ্য করছে। একদিকে মানুষ পানির তোড়ে অসহায়, অন্যদিকে মানুষ পানির অভাবে অসহায়। প্রকৃতি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি পৃথিবীর প্রতিটি প্রাণের বেঁচে থাকার অন্যতম ভিত্তি।
সৃষ্টিকর্তা পৃথিবীতে পানিকে জীবনধারণের জন্য দিয়েছেন। কিন্তু সেই পানির ভারসাম্য যখন কোথাও নষ্ট হয়, তখন তার প্রভাব শুধু মানুষের ওপর নয় পড়ে মাছের মতো জলজ প্রাণী, কৃষিজমি, খাদ্যব্যবস্থা এবং পুরো একটি অঞ্চলের জীবনচক্রের ওপর। তাই ইন্দোনেশিয়ার শুকিয়ে যাওয়া এই নদী যেন নীরবে একটি কথাই মনে করিয়ে দিচ্ছে আমরা পানির মূল্য বুঝি সাধারণত তখনই, যখন সেটি হয় আমাদের চারপাশে অতিরিক্ত, নয়তো একেবারেই অনুপস্থিত। পানি জীবন কিন্তু পানির অভাবও যে জীবনের জন্য কত বড় হুমকি, ইন্দোনেশিয়ার শুকিয়ে যাওয়া নদীর বুক আজ তারই নির্মম সাক্ষ্য।