মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা কিংবা টাওয়ারের বাইরে থাকার কারণে জরুরি সময়ে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। এবার এমন পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেদের স্মার্টফোনে নতুন প্রযুক্তি যুক্ত করেছে ইনফিনিক্স। ‘আলট্রালিংক’ নামের এই সুবিধার মাধ্যমে মোবাইল টাওয়ার বা ইন্টারনেট সংযোগ ছাড়াই কাছাকাছি থাকা দুটি সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোনের মধ্যে যোগাযোগ করা যাবে।

ইনফিনিক্স বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খোলা পরিবেশে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা না থাকলে একই ব্র্যান্ডের দুটি আলট্রালিংক-সমর্থিত ফোনের মধ্যে সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্বেও যোগাযোগ সম্ভব। শুধু কথা বলাই নয়, এই প্রযুক্তির মাধ্যমে বার্তা ও ছবি আদান-প্রদানও করা যাবে। ফলে নেটওয়ার্ক দুর্বল বা একেবারেই অনুপস্থিত এমন জায়গায় এটি বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে কাজে লাগতে পারে।

ইতোমধ্যে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি মডেলে এই প্রযুক্তির সুবিধা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে আলট্রালিংকের কার্যকর দূরত্ব নির্ভর করবে ফোনের মডেল, পরিবেশ ও আশপাশের প্রতিবন্ধকতার ওপর। অর্থাৎ খোলা জায়গায় যে দূরত্বে যোগাযোগ সম্ভব, ভবন বা অন্য কোনো বাধা থাকলে সেই পরিসর কমে আসতে পারে।