পাতলা ও হালকা গড়ন, শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা সুবিধা। পেশাদার কাজের কথা মাথায় রেখে এমনই নতুন দুটি ল্যাপটপ দেশের বাজারে এনেছে আসুস। এক্সপার্টবুক আলট্রা ৫ ও এক্সপার্টবুক আলট্রা ৭ এই দুই মডেলে গুরুত্ব দেওয়া হয়েছে দ্রুতগতির কাজ, বহনযোগ্যতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার ওপর।

আসুসের নতুন মডেলের ল্যাবটপ কি দিয়ে তৈরী?

মাত্র শূন্য দশমিক ৯৯ কেজি ওজন থেকে শুরু হওয়া ল্যাপটপটির পুরুত্ব প্রায় ১০ দশমিক ৯ মিলিমিটার। ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামের সমন্বয়ে তৈরি কাঠামোর পাশাপাশি বিশেষ ন্যানো সিরামিক প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে আসুস। ফলে পাতলা ও হালকা হওয়ার পাশাপাশি ল্যাপটপটি টেকসই রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এক্সপার্টবুক আলট্রা ৫ মডেলে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ প্রসেসর। আর আলট্রা ৭ মডেলে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর। দুটিতেই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আলাদা নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ রয়েছে।

নতুন কি কি ফিচার থাকছে আসুসের ল্যাবটপে?

ল্যাপটপ দুটির আরেকটি আকর্ষণ ১৪ ইঞ্চির তিন-কে মানের স্পর্শনির্ভর ওএলইডি পর্দা। এতে রয়েছে উন্নত রঙের সমৃদ্ধি, উচ্চ উজ্জ্বলতা এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা। ফলে কাজের পাশাপাশি ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতাও হবে উন্নত। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধার ক্ষেত্রে রয়েছে আসুসের নিজস্ব ‘মাই এক্সপার্ট’। এর মাধ্যমে নথি ও ছবির তথ্য বিশ্লেষণ, সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং লেখার মান উন্নত করার মতো কাজ করা যায়। অনলাইন সভার কথোপকথন থেকে লিখিত প্রতিলিপি, সারসংক্ষেপ এবং করণীয় কাজের তালিকাও তৈরির সুবিধা রয়েছে।

ভিডিও কলের জন্য রয়েছে ১০৮০ পিক্সেলের ক্যামেরা। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবির মান উন্নত করার সুবিধা এবং উইন্ডোজ হ্যালো সমর্থন রয়েছে। শব্দের জন্য রয়েছে ছয়টি স্পিকার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি। দীর্ঘ সময় ব্যবহারের কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে ৭০ ওয়াট-আওয়ারের ব্যাটারি। দ্রুত চার্জ করার সুবিধার পাশাপাশি নির্দিষ্ট কনফিগারেশনে একবার চার্জে সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়ার দাবি করেছে আসুস। পাতলা গড়নের হলেও সংযোগ সুবিধায় রাখা হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি। রয়েছে ওয়াই-ফাই ৭, দুটি থান্ডারবোল্ট ৪, দুটি ইউএসবি ৩.২ এবং এইচডিএমআই ২.১ পোর্ট। সব মিলিয়ে, হালকা ও বহনযোগ্য নকশার সঙ্গে শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত পর্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধাকে একসঙ্গে নিয়ে পেশাদার ব্যবহারকারীদের জন্য দেশের বাজারে এসেছে আসুসের এক্সপার্টবুক আলট্রা সিরিজ।