জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর ভাষ্য, জামায়াতের উত্থান দেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলতে পারে।

রোববার পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দুর্বৃত্ত, পতিত ফ্যাসিস্ট এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা ব্যক্তিরা আগামী ডিসেম্বরে সরকার পতনের কথা বলছেন। একই ধরনের বক্তব্য বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশ থেকেও আসছে। এসব বক্তব্যের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে দলটি আওয়ামী লীগের সঙ্গে ছিল। তবে বর্তমানে জামায়াতের মধ্যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন।

সরকারবিরোধী আন্দোলন ও লংমার্চের সমালোচনা করে নুর বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার করেছে। এই সময়ে সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি হলে তার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

মিরপুরের একটি হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রসঙ্গে নুর বলেন, দেশের তরুণদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা দেখা গেছে, তা ইতিমধ্যে সবার নজর কেড়েছে।