নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে রাজধানীর বিভিন্ন রুটে আরও ১০০টি পিংক বাস চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে এসব বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। কমিটির সদস্য ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, নারীদের জন্য বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। চাহিদার তুলনায় এই সংখ্যা কম হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতেও প্রয়োজন অনুযায়ী সরলরেখায় সড়ক নির্মাণের ব্যবস্থা রাখার কথা জানানো হয়।
বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ-দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।