এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটীয় আসর শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এরই মধ্যে দেশের জার্সি গায়ে বাংলার দামাল ছেলেরা কেমন পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপাগল সমর্থকেরা। তবে ক্রিকেটের সেই উন্মাদনায় আপাতত কিছুটা হলেও শঙ্কার ছায়া ফেলছে জাপানের আবহাওয়া। কারণ বৃষ্টির মৌসুমেই এশিয়ান গেমসের মিশন শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বৃষ্টির সঙ্গেও লড়াই করতে হতে পারে লিটন দাসের দলকে। 

বর্তমানে জাপানে চলছে বর্ষাকাল। আর এই বৃষ্টির মাঝেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তুলনামূলক সহজ দল মালয়েশিয়া। আইসিসি র‍্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে প্রতিপক্ষরা। তাই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে বাংলাদেশ। অর্থাৎ ম্যাচ মাঠে না গড়ালেও পরের ধাপে, অর্থাৎ সেমিফাইনালে সরাসরি খেলার সুযোগ থাকবে টাইগারদের সামনে। 

তবে মাঠের লড়াইয়ে নামলে মালয়েশিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সম্প্রতি বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মালয়েশিয়া। সেই সিরিজে ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং-বোলিংয়ের সামনে খুব একটা প্রতিরোধই গড়তে পারেনি মালয়েশিয়া। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। নতুন কন্ডিশন, নতুন ভেন্যু এবং সম্পূর্ণ অচেনা উইকেটে মাঠে নামতে হবে লিটনের দলকে। তাই পুরোনো পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক রেকর্ডের ওপর নির্ভর না করে নতুন ভেন্যুতে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে টিম টাইগার্সকে। 

মালয়েশিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কিন্তু এখানেই লুকিয়ে আছে বড় শঙ্কা। কারণ সেমিফাইনালের ম্যাচেও যদি বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায়, তখন পরিস্থিতি বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে বেশ কঠিন। সেক্ষেত্রে পরের ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে এশিয়ার শক্তিশালী দল শ্রীলঙ্কা, ভারত কিংবা পাকিস্তান। তাদের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারিত না হলে র‍্যাংকিংয়ের হিসাবই হয়ে উঠতে পারে বড় বিষয়। ফলে সেমিফাইনালে বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদের বদলে অভিশাপও হয়ে উঠতে পারে। আর তখন এশিয়ান গেমসে লিটনদের স্বর্ণ  জয়ের স্বপ্নও হুমকির মুখে পড়তে পারে। 

তবে বৃষ্টির সেই শঙ্কাকে মাথায় না রেখে আপাতত জাপানের বৃষ্টিবিলাসেই মেতেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল জাপানের রাস্তায় সাদা ছাতা হাতে বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে লিটন দাস, মোসাদ্দেক হোসেন, রাব্বি ও রিশাদ হোসেনকে। মাঠের কঠিন লড়াইয়ের আগে সতীর্থদের সঙ্গে বেশ হাসি-আনন্দেই সময় কাটাচ্ছেন তারা। বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তা না করে আপাতত জাপানের প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করছেন টাইগাররা। তবে মাঠের লড়াই শুরু হলেই বদলে যাবে চিত্র। জাপানের বৃষ্টি আর অচেনা কন্ডিশন পেরিয়ে এশিয়ান গেমসের মঞ্চে সোনার পদকের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এখন দেখার বিষয়, প্রকৃতির বাধা পেরিয়ে লিটন-মোসাদ্দেক-রিশাদরা কতটা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন।