জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত "প্রযুক্তিভিত্তিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে" বক্তব্য রাখেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
​প্রতিমন্ত্রী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের জোরদার আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মনস্তাত্ত্বিক সহায়তা। এছাড়া গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া নারী-বান্ধব ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথাও তিনি উল্লেখ করেন।
​প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংঘাতময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন; যার মধ্যে রয়েছে শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সহায়তা প্রদান। তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও সমাধানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী নির্দেশিকা তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে গঠিত ‘ঢাকা ডায়ালগ’-এর পরিচয় তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রসমূহকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগদানের আহ্বান জানান।
​ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন (UN Women) কর্তৃক আয়োজিত এই গোলটেবিল বৈঠকে হয়রানি, মানহানি, ছদ্মবেশ ধারণ বা পরিচয় চুরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নির্যাতনের মতো নারী ও শিশুদের ওপর প্রযুক্তির মাধ্যমে আসা নতুন নতুন ডিজিটাল হুমকির বিষয়ে আলোচনা করা হয়।