জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) পদে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জাতিসংঘের প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতি ড. খলিলুর রহমানের বিশেষ কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তাঁর পেশাগত অর্পিত দায়িত্ব পালন করবেন। ওয়েবসাইটে তাঁর পেশাগত পরিচিতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক বিশেষজ্ঞ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত দায়িত্বে আরও বেশ কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। প্রকাশিত তালিকায় জাইমা রহমান ছাড়াও অন্য যেসব কর্মকর্তা যুক্ত রয়েছেন তাঁরা হলেন— ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ পদে দায়িত্বপ্রাপ্ত আব্দুল আলিম, উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী পদে মোয়াজ্জেম হোসেন, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে জাকির আহমেদ এবং বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে দায়িত্বে থাকা মো. রফিকুল আলম মোল্লা।
জাইমা রহমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার পর সফলতার সাথে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০২৬ সালের জুন মাসে আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। জাতিসংঘের অফিসিয়াল ক্যালেন্ডার ও তথ্য অনুযায়ী, এই ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।