পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছানো বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে এ বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি জানার পর যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি সরবরাহ করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে প্রয়োজনীয় পানি যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
যাত্রীসেবার মান বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।