সৌদি আরব থেকে ফেরত ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিজি-৩৩৮ ফ্লাইট। ফ্লাইটটির ওমরাহযাত্রীদের জমজমের পানি নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে সরবরাহ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী পরিচালনাপ্রক্রিয়ায় দায়িত্বে গাফিলতির কারণে সময়মতো ব্যাগেজ বেল্টে পানি পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিক বিতরণ শুরু করে। পরে আরেকটি কনটেইনারের অবস্থান শনাক্ত হলে সেখানকার পানিও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে জমজমের পানি পেতে দেরি হওয়ায় ফ্লাইটটির কয়েকজন সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল, ঢাকায় অবতরণের পর প্রায় তিন ঘণ্টা পার হলেও তারা ট্যাগ লাগানো জমজমের পানি হাতে পাননি।