পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে জ্বালানি পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে জ্বালানিটি আজ দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পরে শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়।
বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ফ্লাইটটি বাতিল করতে হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গো—মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।