ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন বা দলীয় প্রভাব সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। অনিয়ম প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থাকতে হবে। বিশেষ করে দরিদ্র, ভূমিহীন ও ঘরহীন মানুষকে অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

ফ্যামিলি কার্ডের নামে কারও কাছ থেকে টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিজেই বাদী হয়ে মামলা করার কথাও জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, অতীতে কার্ড বিতরণে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব সমস্যা চিহ্নিত করে এবার নিয়মের মধ্যে কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে।

এদিন দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে ১ হাজার ১৭০ জন কৃষকের তথ্যের ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়; তাঁদের মধ্যে ৮৫ জন নারী কৃষক ও ১ হাজার ৮৫ জন পুরুষ কৃষক রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষক কার্ডের তথ্য সংগ্রহে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করেছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দুর্গাপুরে ৯৭ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।