কানাডার পুলিশের পোশাকে ঢাকাই চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে কৌতূহল। অনেকের মনেই প্রশ্ন, তবে কি দেশ ছেড়ে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন এই অভিনেতা? তবে বিষয়টি বাস্তব নয়; নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। বর্তমানে কানাডার বিভিন্ন স্থানে চলছে ছবিটির দৃশ্যধারণ। টানা শুটিং শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট প্রযোজনা সূত্রের দাবি, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম।
কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।