রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সামিহা আফরিন রাজধানীর জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সামিহার ভাই সুজন সিকদার লিটন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়, যার নম্বর ২৬৫৪।
নিখোঁজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার ভাই সুজন সিকদার লিটন জানান, নিখোঁজ হওয়ার দুই দিন আগে পড়াশোনা নিয়ে সামিহাকে তার বাবা কিছুটা বকাবকি করেছিলেন। এর পরদিন সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
তিনি আরও জানান, সামিহা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। তবে বাসা থেকে বের হয়ে যাওয়ার দৃশ্যটি স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। বাসা থেকে বের হওয়ার সময় সে কোনো টাকা-পয়সা বা স্বর্ণালংকার সঙ্গে নেয়নি। সামিহার কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানেন না।
ঘটনার তদন্তের বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি হস্তান্তরের পর বর্তমানে তিনি নিজেই বিষয়টি দেখভাল করছেন। ইতিমধ্যে নিখোঁজ কিশোরীর বিস্তারিত তথ্য ও বার্তা দেশের সকল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসআই আব্দুল কাদের বলেন, সামিহা নিজস্ব কোনো মোবাইল ব্যবহার না করলেও সে বাসা থেকে মা বা অন্য কারও ফোন ব্যবহার করে কারও সঙ্গে যোগাযোগ রাখত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সে জন্য প্রয়োজনীয় কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে। সিডিআর-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন পাওয়ার পর দেশের কোথাও ওই কিশোরীর সন্ধান মিললে তা পরিবার ও পুলিশকে জানানো হবে।