প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বহু বছর পর আমি এখানে এসেছি। নানার বাড়ির পরিবারের মানুষ, নিজের পরিবারের মানুষ, আপন মানুষদের সঙ্গে মনের দুটো কথা বলতে চাই। মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা। আমাকে দেখে রাখার দায়িত্ব কার, আপনাদের না?’

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে নিজের নানাবাড়ির এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের পর উপস্থিত লোকজন সম্মতিসূচক সাড়া দেন।

দিনব্যাপী ফেনী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করেন। পরে ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী দেওয়া হয়। একই অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় এসব কর্মসূচির কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি ভবনে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন করেন। তিন উপজেলায় স্থাপিত এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থার মোট উৎপাদনক্ষমতা ৯৬০ দশমিক ৮ কিলোওয়াট।

ফুলগাজীতে প্রধানমন্ত্রীর এ সফর ছিল সরকার গঠনের পর ফেনীতে তাঁর প্রথম সফর। সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে ফেনী ছাড়েন।