মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। ১৩ থেকে ১৫ অক্টোবর ‘সবার জন্য সামাজিক ব্যবসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


সম্মেলনের উদ্বোধনী দিনে ড. সবুর খান ‘ড্যাফোডিলে সামাজিক ব্যবসা: শিক্ষা থেকে কার্যক্রম, উদ্ভাবন ও টেকসই প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি সামাজিক উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ এবং দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন আনতে ড্যাফোডিলের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ ‘দ্য ড্যাফোডিল মডেল’ তুলে ধরেন। পাশাপাশি সফল সামাজিক উদ্যোক্তা গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন।


প্রবন্ধে সামাজিক উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত কার্যক্রমের সাতটি প্রধান দিক তুলে ধরা হয়। এগুলো হলো শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা, প্রতিযোগিতা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, সহযোগিতা ও সামাজিক প্রভাব। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাস্তব জীবনের সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ ছাড়া সামাজিক ব্যবসাবিষয়ক শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সহায়তা এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তাসুলভ মানসিকতা তৈরি এবং সমাজের জন্য কার্যকর ও টেকসই সমাধান উদ্ভাবনে উৎসাহিত করার বিষয়টিও প্রবন্ধে গুরুত্ব পায়।


সম্মেলনে আরও বক্তব্য দেন মালয়েশিয়ার জাতীয় উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়ান্তি সারজুনি এবং ডিসকভার মুয়াই থাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ইমরান হারিথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
আন্তর্জাতিক এ সম্মেলনে ড. সবুর খানের অংশগ্রহণ সামাজিক উদ্যোক্তা তৈরিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরার পাশাপাশি উদ্ভাবনী ও দায়িত্বশীল উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রমকে বিশ্বপরিসরে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে।