মাসুমা রহমান নাবিলা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও রয়েছে তার আলাদা পরিচিতি। এবার হঠাৎ গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়লেন তিনি। আর সেই গাড়িতে সঙ্গী হিসেবে দেখা গেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ঘটনা কী?

জানা গেছে, এই ব্যতিক্রমী আয়োজন মূলত একটি কার-কাস্ট শোর জন্য। ‘লং ড্রাইভ’ শীর্ষক অনুষ্ঠানটি করছে আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সি। শোটির মূল ভাবনা ও ক্রিয়েটর হিসেবে আছেন সঞ্জয় সমদ্দার। প্রযোজনায় রয়েছেন ইশতি আহমেদ। অনুষ্ঠানে নাবিলার সঙ্গে মিম ছাড়াও লং ড্রাইভে যাবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ আরও কয়েকজন তারকা।

সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ কেবল সাধারণ কোনো সেলিব্রিটি টকশো নয়। তারকাদের জীবনের ভিন্নধর্মী গল্প তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। গাড়ির ভেতর চলবে খোলামেলা আড্ডা। সেখানে উঠে আসবে তারকাদের সাফল্যের পথচলা, অর্থাৎ ‘রোড টু সাকসেস’, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে থাকা নানা স্মৃতি।

নির্মাতা আরও জানান, অনুষ্ঠানে বিনোদনের পাশাপাশি রাখা হয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও। কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ দেখা যাবে। ফলে তারকাদের আড্ডা ও ব্যক্তিগত গল্পের পাশাপাশি মানবিক কিছু মুহূর্তও উঠে আসবে এই আয়োজনে।

এরই মধ্যে অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্টে শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। এতে তারকাদের সঙ্গে দর্শকদের সম্পর্কের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রযোজক ইশতি আহমেদ জানান, শিগগিরই অনুষ্ঠানটির পর্বগুলো একে একে প্রকাশ করা হবে। ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ‘লং ড্রাইভ’। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকরা।