নদ-নদী ও খালের দখল হয়ে যাওয়া জমি যেকোনো মূল্যে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাট এলাকায় খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ঢাকার সুয়ারেজ লাইনগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। নদী রক্ষা ও গাইড ওয়াল নির্মাণের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি খাল পুনঃখনন করা হবে। এসব খালের পানি নদীতে প্রবাহিত করার পরিকল্পনাও বাস্তবায়ন করবে সরকার।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।