বাংলাদেশকে অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহৃত হওয়ার সুযোগ না দিয়ে নিজেদের স্বার্থ ও শর্তকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ এখন আত্মমর্যাদার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব করতে চায়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে জনগণের স্বার্থ। আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষা করেই অংশীদারদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খোঁজার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নতুন উৎস ও খাত থেকে জ্বালানি সংগ্রহের দিকে নজর দিচ্ছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস অনুসন্ধানের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এতে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হলেও মানবিক কারণে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রেখেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য দেন।