জাতীয় সংসদে সম্প্রতি পাশ হওয়া কুরআন ও সুন্নাহর বিধান পরিপন্থি বিলটি দ্রুত সংশোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
আলেম সমাজকে ঢালাও দোষারোপ না করার তাগিদ আলেমদের মর্যাদা ও সুরক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত আমীর বলেন, বিচ্ছিন্ন দু-একজনের ভুলের বা অঘটনের জন্য পুরো আলেম সমাজকে ঢালাওভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো বা দোষারোপ করা একেবারেই অনুচিত। খোঁচা দিয়ে কথা বলার মানসিকতা পরিহার করে আলেম-ওলামাদের সাথে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার সাথে কথা বলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সম্মানজনক আচরণ ও সামাজিক নিরাপত্তা নিজ দলের নেতা-কর্মীদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সাধারণ মানুষের সঙ্গে সর্বাবস্থায় সম্মানজনক ও ইতিবাচক আচরণ করতে হবে। পাশাপাশি আলেম-ওলামাদের ভালো-মন্দের বিষয়ে আরও বেশি সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তার অভাব এবং নিরাপত্তাহীনতায় জাতি আজ গভীরভাবে শঙ্কিত।