খাবারের আগে পানি পান করলে ওজন কমাতে কতটা উপকার?
শরীরকে সুস্থ রাখতে পানির গুরুত্ব অনেক। শরীরের আর্দ্রতা ঠিক রাখা থেকে শুরু করে হজম, রক্তসঞ্চালন ও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম স্বাভাবিক রাখতেও পানি প্রয়োজন। তবে শুধু পর্যাপ্ত পানি পান করাই নয়, কখন পানি পান করছেন, সেটিও খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, খাবারের ২০ থেকে ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভরা অনুভূত হতে পারে। এতে খাবারের সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।
খাবারের আগে পানি কেন উপকারী?
খাবারের আগে পানি পান করলে শরীরের জমে থাকা চর্বি সরাসরি গলে যায় বিষয়টি এমন নয়। বরং পানি সাময়িকভাবে পাকস্থলীকে কিছুটা পূর্ণ অনুভব করায়। ফলে অতিরিক্ত ক্ষুধা কমতে পারে এবং খাবারের পরিমাণও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এভাবেই পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে পানির ভূমিকা থাকতে পারে।
পুষ্টিবিদদের মতে, যারা খাবারের সময় প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন, তারা খাবারের ২০–৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করে দেখতে পারেন। এতে তীব্র ক্ষুধা কিছুটা কমে গিয়ে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে।
গবেষণায় কী পাওয়া গেছে?
খাবারের আগে পানি পান ও ওজন নিয়ন্ত্রণের সম্পর্ক নিয়ে বিভিন্ন গবেষণাও হয়েছে। ২০০৭ সালে Obesity জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ৬০ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিদের ওপর পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, যারা খাবারের আগে পানি পান করেছিলেন, তারা পানি পান না করা ব্যক্তিদের তুলনায় তুলনামূলক কম খাবার গ্রহণ করেছিলেন।
২০০৯ সালে একই জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় ৫৫ থেকে ৭৫ বছর বয়সী অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ৪৮ জন প্রাপ্তবয়স্ককে দুই দলে ভাগ করা হয়। উভয় দলই কম ক্যালরির খাবার অনুসরণ করেছিল। তবে একটি দলকে প্রতিদিন প্রধান খাবারের আগে ৫০০ মিলিলিটার পানি পান করতে দেওয়া হয়। ১২ সপ্তাহ পর দেখা যায়, পানি পান করা দলের ওজন অন্য দলের তুলনায় প্রায় ২ কেজি বেশি কমেছিল। গবেষকদের হিসাবে, তাদের ওজন কমার হার ছিল প্রায় ৪৪ শতাংশ বেশি।
শুধু পানি খেলেই কি ওজন কমবে?
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি কোনো জাদুকরি ওজন কমানোর উপায় নয়। খাবারের আগে পানি পান করলে ক্ষুধা বা খাবারের পরিমাণ কিছুটা কমতে পারে, কিন্তু শুধু পানি পান করে ওজন কমানো সম্ভব নয়। গবেষণাগুলোতেও ভালো ফল পাওয়া গেছে পানি পান করার পাশাপাশি কম ক্যালরির খাবার অনুসরণ করার ক্ষেত্রে।
তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের ২০–৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করার অভ্যাস করা যেতে পারে। পাশাপাশি সুষম খাবার, প্রয়োজন অনুযায়ী ক্যালরি গ্রহণ এবং নিয়মিত হাঁটা বা ব্যায়ামের মতো শারীরিক কার্যক্রমও চালিয়ে যেতে হবে।