অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, তার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এগুলো গুরুতর ফৌজদারি অপরাধ। একই সঙ্গে এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের শামিল।

তিনি বলেন, এসব ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের নয়, এর পেছনে যারা রয়েছে তাদেরও শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

অপরাধ প্রতিরোধে সরকারের কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।

তিনি বলেন, সাম্প্রতিক এসব গুরুতর অপরাধ সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।