শেখ হাসিনা ও শেখ রেহানা আর বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঘটেছে এবং দলটির রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। এত বড় গণহত্যার পরও আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হলে তা আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, শেখ রেহানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তবে রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগও বাংলাদেশ থেকে পালিয়েছে। যদিও দলটির কিছু সহযোগী এখনো দেশে অবস্থান করছেন বলে মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বীর বাড়িতে যান। সেখানে তিনি রাব্বীর স্ত্রী, সন্তান ও সন্তানহারা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি রাব্বী হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।