পাকিস্তানের কোচ হওয়ার স্বপ্ন দেখেন মুশতাক আহমেদ। নিজ দেশের ক্রিকেটের দায়িত্ব নেওয়ার ইচ্ছেটা তার বরাবরই ছিল। কিন্তু সেই স্বপ্নের পথেই এবার যেন বড় এক সংশয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থিরতা।কারণ, পাকিস্তান ক্রিকেটে এখন শুধু মাঠের পারফরম্যান্সই আলোচনায় নয় - আলোচনায় বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের ধরনও। ইংল্যান্ড সফরের মাঝপথেই সাত ক্রিকেটারকে দেশে ফেরানো, সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া - সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে।

আর এমন পরিস্থিতিই ভাবাচ্ছে মুশতাককে। তার আশঙ্কা, কয়েকটি আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে যদি কোচ কিংবা স্টাফদের সম্মান না থাকে, তাহলে দায়িত্ব নেওয়াটাই হয়ে উঠতে পারে বড় ঝুঁকি। অর্থাৎ পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও হট সিটে বসার আগে পিসিবির স্থিতিশীলতা নিয়েই তার বড় প্রশ্ন। তবে মুশতাকের এই ভয় যে একেবারে অমূলক নয়, সেটিও বলছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। মাত্র কয়েকটি ম্যাচের পরই কোচিং স্টাফে পরিবর্তন এবং সিরিজের মাঝপথে স্কোয়াডে বড় রদবদল - পাকিস্তান ক্রিকেটে পরিকল্পনা ও ধারাবাহিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সবকিছুর পরও নিজের দেশের জন্য কাজ করার ইচ্ছেটা স্পষ্ট মুশতাকের। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগে তার চাওয়া একটাই - কোচকে যেন সময়, সম্মান আর কাজ করার পরিবেশ দেওয়া হয়। তাহলে কি একদিন পাকিস্তানের ড্রেসিংরুমে কোচের ভূমিকায় দেখা যাবে মুশতাক আহমেদকে নাকি পিসিবির অস্থিরতাই আটকে দেবে তার বহুদিনের সেই স্বপ্ন?