নবম জাতীয় বেতনকাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি সুবিধার ঘোষণা এসেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার ওপর মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির জন্য ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা দেওয়া হবে। অর্থাৎ অর্থবছরের শুরুতে থাকা স্থিতির ভিত্তিতে নতুন জমার ওপরও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে।
সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণে কিছুটা ভিন্নতা থাকছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব আর্থিক বিধিবিধান অনুসরণ করে প্রজ্ঞাপনে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে ধরে কর্মচারীদের মুনাফা নির্ধারণ করা যাবে। তবে নির্ধারিত হার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
জিপিএফ হচ্ছে সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী বেতন থেকে অর্থ জমা রাখেন। অন্যদিকে, সিপিএফ বা প্রদেয় ভবিষ্য তহবিল সাধারণত এমন প্রতিষ্ঠানে চালু থাকে, যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্ধারিত নতুন মুনাফার হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কার্যকর হবে।
এর আগে সরকার নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।
পরবর্তী সময়ে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য বর্ধিত বেতনের হার হবে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ। নতুন বেতনের বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।