রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব শিল্প স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশীদারত্বমূলক চুক্তি করেছে সিটিজেনস ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনটি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় চুক্তিগুলো করেছে সিটিজেনস ব্যাংক।
চুক্তির আওতায় রয়েছে রপ্তানি বহুমুখীকরণে সহায়তার জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম, গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপনে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম এবং আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য আরও ১ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম।
সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সুবিধা ব্যবহার করে অর্থনীতির অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান খাতে কাজ করা যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী ও লক্ষ্যভিত্তিক অর্থায়নের সুযোগ তৈরি করা।
চুক্তি অনুযায়ী, সিটিজেনস ব্যাংক দেশের রপ্তানি বহুমুখীকরণ, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন, গ্রিন ফ্যাক্টরি স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে অর্থায়ন সহায়তা দেবে।