রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এমন ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন সালমান।
এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি ঢালাও অভিযোগ। তিনি বলেন, সালমান চাইলে তাকে উদ্দেশ্য করে এমন অভিযোগ করতে পারেন, কারণ দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রয়েছে। তবে ফেসবুক লাইভে অভিযোগ করলেও এ ঘটনায় সালমান কোনো মামলা করেননি বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সালমান বলেন, বাকস্বাধীনতা নিয়ে মন্ত্রী যে কথা বলেছেন, সেই স্বাধীনতার কারণেই তিনি ভিডিও বার্তার মাধ্যমে তার জবাব দিতে পারছেন। এ সুযোগ দেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
সালমান প্রশ্ন করেন, স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কতটা আত্মবিশ্বাসী এবং তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা লজ্জাবোধ হচ্ছে কি না। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ক্যান্টনমেন্ট খুব কাছেই।
তিনি আরও বলেন, তাকে কেন আঙুল তোলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেটি বুঝতে পারেননি। বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ এবং চাঁদাবাজির প্রসঙ্গ কেন তুলেছেন, সে ব্যাখ্যাও দেন সালমান। তার ভাষায়, পরিস্থিতি এমন যে স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু করতে পারছেন না, তিনিও কিছু করতে না পেরে হাসছেন।
সালমান বলেন, দুজনই নাগরিক হিসেবে একটি অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার ভাষায়, ‘এটাই দেশ, এটাই বাংলাদেশ।’
স্টুডিও পুনর্নির্মাণ বা আর্থিক সহায়তা চান না জানিয়ে সালমান বলেন, তিনি কারও কাছ থেকে টাকা বা সহযোগিতা চান না এবং নিজের স্টুডিও নিজেই পুনর্নির্মাণ করতে সক্ষম। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকে যোগাযোগ করলেও তিনি তাদের সঙ্গে দেখা করতে চাননি বলে জানান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। বাংলাদেশের মানুষের ওপর আস্থা নষ্ট করতে চান না বলেই তিনি কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে যাচ্ছেন না।