জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৩টায় মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সংবাদ সম্মেলনের বিষয়টি জানায়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।