ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীরা যেন নিয়মিত ও নির্ধারিত সময়ে ভাতার অর্থ পান, তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের শতভাগ নির্ভুল পে-রোল পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ যথাসময়ে পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রস্তুত করে পাঠাতে হবে। পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে।
কোনো উপকারভোগীর মৃত্যু কিংবা অন্য কোনো কারণে তাকে প্রতিস্থাপনের প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।