প্রথম ডেট মানেই নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করার পরীক্ষা নয়। বরং এই সময় দুজন মানুষের একে অপরকে জানার, কথাবার্তার মধ্য দিয়ে মানসিক মিল বোঝার এবং একসঙ্গে সময় কাটিয়ে স্বাচ্ছন্দ্য খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়। তাই শুরুতেই নিজের প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া কিংবা অন্যজনের কাছে নিজেকে গ্রহণযোগ্য প্রমাণ করার চেষ্টা না করলেও চলে। কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে অযথা কৈফিয়ত না দিয়ে সহজভাবে নিজের অবস্থান জানানোই যথেষ্ট।

১. নিজের পছন্দ-অপছন্দ ও ব্যক্তিগত সীমারেখা

প্রথম দেখাতেই সব কথা বলতে হবে, এমন কোনো নিয়ম নেই। কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে না চাইলে কিংবা দেখা করার জায়গা নিয়ে নিজের পছন্দ থাকলে তা স্পষ্টভাবে জানানো যায়। এ জন্য দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ‘এ বিষয়ে এখন কথা বলতে চাই না’ কিংবা ‘এই জায়গায় দেখা করলে আমার ভালো লাগবে’—এমন কথাই যথেষ্ট।

নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়। বরং প্রথম সাক্ষাতে অন্যজন আপনার মতামত ও সীমারেখাকে কতটা সম্মান করছেন, তা লক্ষ করা জরুরি। কারণ, ভালো সম্পর্কের শুরু হয় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া থেকে।

২. জীবনের সবকিছু এখনো পরিকল্পনামতো এগোয়নি

ক্যারিয়ারে এখনো প্রত্যাশিত সাফল্য আসেনি, পড়াশোনা শেষ করেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় আছেন কিংবা জীবনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারেননি এসব বিষয় প্রথম ডেটেই ব্যাখ্যা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার দরকার নেই। জীবনের পথ সবার জন্য এক রকম হয় না। কেউ দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছান, আবার কারও সময় লাগে একটু বেশি।

বর্তমানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, সেটি আপনার জীবনের একটি অংশমাত্র; পুরো পরিচয় নয়। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকা ভালো, তবে সব প্রশ্নের উত্তর এই মুহূর্তেই জানা থাকতে হবে, এমন নয়। নিজের বাস্তব অবস্থাকে আড়াল করে নিখুঁত জীবন দেখানোর চেয়ে স্বাভাবিকভাবে কথা বলাই বরং ভালো। উপযুক্ত মানুষটি আপনার বর্তমান অবস্থার পাশাপাশি আপনার চিন্তাভাবনা ও সম্ভাবনাকেও গুরুত্ব দেবেন।

৩. মেসেজের উত্তর দিতে দেরি হওয়ার কারণ

সম্পর্কের শুরুতে যোগাযোগ নিয়ে অনেকেই বেশ সচেতন থাকেন। কখন মেসেজের উত্তর দেওয়া হলো, কতক্ষণ দেরি হলো কিংবা কে আগে কথা বললেন এসব নিয়ে কখনো কখনো অপ্রয়োজনীয় হিসাব তৈরি হয়। কিন্তু কাজ, পড়াশোনা, পরিবার কিংবা ব্যক্তিগত সময়ের কারণে সবার পক্ষেই সব সময় দ্রুত উত্তর দেওয়া সম্ভব নয়।

যোগাযোগে আগ্রহ প্রকাশ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রতিবার দেরিতে উত্তর দেওয়ার জন্য দীর্ঘ কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। ইচ্ছা করে কাউকে অবহেলা করা আর ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরি হওয়া এক বিষয় নয়। সম্পর্কের শুরু থেকেই এমন বোঝাপড়া থাকা ভালো, যেখানে দুজনই নিজেদের দৈনন্দিন কাজ করতে পারেন, আবার প্রয়োজনমতো একে অপরের সঙ্গে যোগাযোগও রাখতে পারেন।

৪. নিজের স্বভাব নিয়ে অস্বস্তি প্রকাশ করা

প্রথম ডেটে অনেকে আগেভাগেই বলে ফেলেন, ‘আমি একটু লাজুক’, ‘আমি অনেক কথা বলি’ কিংবা ‘আমি একটু বেশিই প্রশ্ন করি, কিছু মনে করবেন না।’ পরিচিত হওয়ার শুরুতে এমন কথা বলা স্বাভাবিক হলেও নিজের ব্যক্তিত্বের জন্য বারবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।

কেউ সহজে মিশতে পারেন, কেউ সময় নিয়ে স্বচ্ছন্দ হন। কেউ বেশি কথা বলতে পছন্দ করেন, আবার কেউ মন দিয়ে শুনতে ভালোবাসেন। ব্যক্তিত্বের এই পার্থক্যগুলোই মানুষকে আলাদা করে। তবে নিজের আচরণে অন্যজন অস্বস্তি বোধ করছেন কি না, সেটিও বিবেচনায় রাখা দরকার। নিজের স্বভাব বজায় রাখা এবং অন্যের অনুভূতিকে সম্মান করা দুটিই একসঙ্গে সম্ভব। প্রথম ডেটের উদ্দেশ্য নিজেকে বদলে ফেলা নয়, বরং দুজনের মধ্যে স্বাভাবিক বোঝাপড়া তৈরি হয় কি না, তা দেখা।

৫. এখনো সম্পর্কে জড়াননি কেন

‘এখনো সিঙ্গেল কেন?’ প্রথম দেখায় এমন প্রশ্ন শুনে কেউ কেউ নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ কিংবা দীর্ঘদিন একা থাকার কারণ বিস্তারিতভাবে বলতে শুরু করেন। কিন্তু সিঙ্গেল থাকা এমন কোনো বিষয় নয়, যার জন্য কাউকে জবাবদিহি করতে হবে।

হয়তো নিজের কাজ ও পড়াশোনাকে অগ্রাধিকার দিয়েছেন, হয়তো একা থাকতেই ভালো লেগেছে, কিংবা মনের মতো মানুষের সঙ্গে পরিচয় হয়নি। কারণ যা-ই হোক, কতটুকু শেয়ার করবেন, সেটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রথম সাক্ষাতেই নিজের সম্পর্কের ইতিহাস খুলে বলার বাধ্যবাধকতা নেই। চাইলে সংক্ষেপে উত্তর দিয়ে অন্য প্রসঙ্গে যেতে পারেন। একইভাবে, কেউ কেন সিঙ্গেল আছেন, তা শুনে তাঁকে বিচার না করে তাঁর বর্তমান চিন্তাভাবনা ও মূল্যবোধ বোঝার চেষ্টা করাই বেশি অর্থবহ।

প্রথম ডেট হোক স্বাভাবিক পরিচয়ের শুরু

সম্পর্কের শুরুতে ভালো লাগা তৈরি হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের মতো থাকতে পারাও জরুরি। কাউকে পছন্দ করানোর জন্য নিজের প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া, ব্যক্তিগত বিষয় প্রকাশ করা কিংবা স্বভাব বদলে ফেলার প্রয়োজন নেই। বরং কথোপকথনকে স্বাভাবিক হতে দিন, মন দিয়ে অন্যজনের কথা শুনুন এবং নিজের কথাও স্বচ্ছন্দে বলুন। প্রথম ডেট কোনো পরীক্ষা নয়; এটি এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, যার সঙ্গে দুজনেরই স্বাভাবিকভাবে ভালো লাগতে পারে।