অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে হবে। গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জনও জরুরি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন উন্নত লাইব্রেরির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এই ঘাটতি দূর করা প্রয়োজন।

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, বিজ্ঞানসহ অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রেও নতুন চিন্তা ও উদ্ভাবনের চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। বিশেষ করে স্কুল পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এ সময় শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।