খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলামকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি আহত কর্মকর্তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শাহ আলামের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক শাহ আলাম খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত। বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।