আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় শিশু-কিশোরদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ও সচেতন করতে নানা কর্মসূচি পালন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। সংস্থাটির ক্লাইমেট প্রজেক্টের উদ্যোগে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং তাদের নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলায় স্কুলপর্যায়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, এসডিএসের ক্লাইমেট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এসডিএসের ক্লাইমেট প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউএনও আল ইমরান বলেন, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটায়। দুর্যোগ মোকাবিলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করা প্রয়োজন। শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ায় তিনি এসডিএসকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন বলেন, শিক্ষার্থীদের সচেতনতা, অংশগ্রহণ ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও দুর্যোগসহনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এসডিএসের ক্লাইমেট প্রজেক্ট ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগবিষয়ক জ্ঞান ও সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স (ক্লাইমেট) প্রকল্পটি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) বাস্তবায়ন করছে। সুইডেনভিত্তিক দাতা সংস্থা বার্নফন্ডেনের আর্থিক সহায়তায় পরিচালিত এ প্রকল্প জাজিরা উপজেলার জাজিরা, কুন্ডেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়ন এবং নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং শিশু-কিশোর ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।