মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে দ্রুত চিকিৎসাসেবা চালুর আহ্বান জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন আসিফ মাহমুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। পরে স্বাস্থ্যকেন্দ্রের সামনে টানানো একটি দোকানদার সমিতির সাইনবোর্ড এনসিপির নেতাকর্মীরা সরিয়ে দেন।

পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়া এই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও নিয়ে যাওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তার দাবি, বিএনপির একজন এমপি, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সংশ্লিষ্টতায় সংগঠিতভাবে এ ঘটনা ঘটেছে। এটিকে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংগঠিত অপরাধ ও পৃষ্ঠপোষকতায় লুটপাট বলে মন্তব্য করেন।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও ভাঙচুর শুরু হলে সেখান থেকে চলে যায়। ঘটনা শেষ হওয়ার পর পুলিশ সেখানে আসে। তাই হামলায় জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, দ্রুত বিচার ও ব্যবস্থা নেওয়া না হলে এর দায় সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত বর্তাবে। একই সঙ্গে রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালিয়ে যাবেন স্বাস্থ্যকর্মীরা।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, জড়িতদের আইনের আওতায় আনা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানান এনসিপির এই মুখপাত্র। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে চিকিৎসাসেবা চালুর আহ্বান জানান তিনি।