ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ কর্মকর্তাকে শুধু বদলি করেই দায়িত্ব শেষ করা হচ্ছে না। দায়িত্বে অবহেলা বা কোনো বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে বদলির পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
রাকিবুল হাসানের বিষয়ে তিনি জানান, তার বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রমও চলমান। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল হাসান। অডিওতে পুলিশের পদায়ন, অভ্যন্তরীণ পরিস্থিতি ও কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে।
অডিওটির তদন্তের পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় গত ২৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।