ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ৩ নভেম্বর প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডি ২০ বার সময় পেল। অর্থাৎ প্রতিবেদন দাখিলের সময়সীমা ২০ দফা পেছানো হলো।

ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গত বছরের ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।

গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

মামলাটি তদন্ত করে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। এরপর থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।