রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ ও বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, বিশ্বব্যাপী চলমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠায় কার্যকর জাতিসংঘ ও আন্তর্জাতিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—জাতিসংঘের এই তিনটি মূল স্তম্ভের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংলাপ, ঐকমত্য ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি এগিয়ে নিতে বাংলাদেশের মতো দেশগুলোর আন্তর্জাতিক সহায়তা, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ প্রয়োজন।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি বন্ধ এবং নারীদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তিনি।