ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় পরিচালিত প্রত্যাবাসন ফ্লাইটের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে ফেরত পাঠানো ব্যক্তিদের বৈধ কাগজপত্রের অবস্থা, প্রত্যাবাসনের নির্দিষ্ট কারণ কিংবা বিমানবন্দরে তাঁদের জন্য কী ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে ওই বার্তায় বিস্তারিত জানানো হয়নি।
ফ্রন্টেক্স ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা। ইউরোপের দেশগুলোতে অভিবাসন ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন কার্যক্রমে সংস্থাটি সহায়তা করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাইয়ের পর অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০১৭ সালে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে একটি কার্যপদ্ধতি স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রত্যাবাসনের পাশাপাশি দেশে ফেরার পর পুনর্বাসন-সহায়তার ব্যবস্থাও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরছেন অভিবাসন-সংশ্লিষ্টরা। অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করলে আর্থিক ক্ষতি, অনিশ্চয়তা এবং দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকে।