দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধ, মাদক, চাঁদাবাজি ও ছিনতাই নিয়ন্ত্রণের পাশাপাশি সাইবার অপরাধ দমনে পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি দুই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতির তথ্যও পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, অস্ত্র ও বিস্ফোরক, মাদক এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধের তথ্য বিশ্লেষণ করে কমিটির সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে সন্তোষ জানান।
বৈঠকে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও জোরদার করার সুপারিশ করে কমিটি।
বিশেষ করে সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের বিষয়টি গুরুত্ব পায়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধেও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
রাজধানী ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।