যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ সমঝোতা সই হয়।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এতে সই করেন। শনিবার বিএনপি মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহারে দুই দেশের সহযোগিতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাসনামলে নেওয়া একই ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সমঝোতাটি করা হয়েছে।