কর্মক্ষেত্রে অসীম সাহস, বীরত্ব প্রদর্শন, অনন্য সেবামূলক কাজ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের বিশেষ স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যকে মর্যাদাপূর্ণ পুলিশ পদকে ভূষিত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কৃতী পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পদকের সময়কাল ও ক্যাটাগরি এর আগে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে এই পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা, অনন্য সেবা ও উদ্ভাবনী অবদানের জন্য চারটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে মোট ৯২ জন সদস্যকে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কারের চারটি নির্দিষ্ট ক্যাটাগরি হলো: ১. ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ২. ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ৩. ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ ৪. ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’
রাজারবাগ পুলিশ লাইন্সের পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন এবং তাঁদের পেশাদারিত্ব ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।