রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিএন্ডটি মাঠের পাশে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

সূত্রঃ কালবেলা