জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব। এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা তাদের জীবনসঙ্গীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন এবং আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রাতরাশ শেষে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ। প্রচলিত রীতি অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।