বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ প্রয়োজন। তিনি উত্তম চর্চা এবং তথ্য বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন।

আইজিপি সাইবার নিরাপত্তা জোরদার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও রাশিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা চান তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।