ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। তাই এই ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা সবাইকে মিলে প্রতিহত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক অটুট রাখতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি পিছিয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে কার্যকর কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি। মতুয়া সম্প্রদায়ের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন রাষ্ট্রপতি।

দেশে বিভেদ সৃষ্টি ও নেতিবাচক প্রচারণার বিভিন্ন প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হলেও সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশে উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মতুয়া মিশনের নেতারা রাষ্ট্রপতিকে তাদের প্রধান তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সেখানে যাওয়ার আশ্বাস দেন। এ সময় মতুয়া মিশনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।