পরিকল্পিত নগরায়ন ও টেকসই আবাসন নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও সাশ্রয়ী আবাসনের পাশাপাশি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং আবাসনের ক্রমবর্ধমান চাহিদার কারণে পরিকল্পিত নগর উন্নয়ন এখন সময়ের দাবি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অপরিকল্পিত নগরায়ন, যানজট, দূষণ, নাগরিক সেবার ঘাটতি, আবাসন সংকট ও জলবায়ুজনিত অভিবাসনের মতো সমস্যা বাড়ছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবাসন, নগর পরিকল্পনা, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতাকে একসঙ্গে বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি তাদের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য বাসস্থান’ বলতে শুধু একটি ঘর নয়; এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় নাগরিক সেবার নিশ্চয়তাও জড়িত। এ লক্ষ্যেই দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পরিকল্পিত নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১ অর্জনে অগ্রগতি হবে।
টেকসই নগর ও আবাসন নিশ্চিত করতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের আবাসন, বস্তি উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে শহর ও গ্রাম সব এলাকার মানুষ নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, প্রয়োজনীয় নাগরিক সেবা এবং পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাসের সুযোগ পাবে। পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে মানবিক, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।